বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাবমুক্ত করে ইসলামী ব্যাংককে রক্ষার দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ আমানতকারীরা। বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
স্মারকলিপিতে গ্রাহকরা অভিযোগ করেন, বিগত সময়ে রাষ্ট্রীয় মদতে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নামে-বেনামে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। প্রক্সি পরিচালকদের মাধ্যমে পর্ষদে প্রভাব বিস্তার করে ঋণ জালিয়াতি ও সুশাসনের অবক্ষয় ঘটানো হয়েছে। এর ফলে ব্যাংকটির আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ গ্রাহকদের মনে আস্থার সংকট দেখা দিয়েছে।
আমানতকারীরা বর্তমান পরিস্থিতিতে ব্যাংকটি পুনরুদ্ধারের জোর দাবি জানিয়ে পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের ব্যাংকে পুনঃপ্রবেশ স্থায়ীভাবে বন্ধ করা, পাচারকৃত অর্থ উদ্ধার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকৃত মালিকদের কাছে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া। তারা হুঁশিয়ারি দেন যে, বিতর্কিত এই গোষ্ঠী আবারও নিয়ন্ত্রণ ফিরে পেলে পুরো ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা ধসে পড়বে।
রিপোর্টারের নাম 





















