কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী হলেন শত শত যাত্রী। স্টেশনে থামা একটি ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ দুই বছরের সন্তানসহ প্ল্যাটফর্মের নিচে পড়ে যান এক নারী। তিনি দ্রুত উপরে উঠে আসতে পারলেও তার হাত ফসকে শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি ছেড়ে দেওয়ার বাঁশি বেজে ওঠে।
উপস্থিত সবাই যখন আতঙ্কিত, তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে নিচে ঝাঁপিয়ে পড়েন শিশুটির বাবা। তিনি চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ে সন্তানকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেন। একে একে ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। উপস্থিত জনতা রুদ্ধশ্বাসে এই দৃশ্য দেখে সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, বাবা ও সন্তান দুজনেই সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে আছেন।
মঙ্গলবার বিকেলে ভৈরব রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই দম্পতির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ট্রেন চলে যাওয়ার পর বাবা তার সন্তানকে কোলে নিয়ে উঠে দাঁড়াচ্ছেন, আর মা ব্যাকুল হয়ে সন্তানকে নিজের কোলে তুলে নিচ্ছেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি আরও সতর্ক করে বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। নিরাপদ ভ্রমণের জন্য সর্বদা সতর্ক থাকা এবং রেললাইন পারাপারে ওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
রিপোর্টারের নাম 























