ব্রাহ্মণবাড়িয়ায় মৌসুমি কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে অন্তত ৩০টি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হওয়ার পাশাপাশি তিন শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ের তীব্রতায় উপজেলার তিনলাখপীর এলাকায় একটি মোবাইল ফোনের টাওয়ার দুমড়ে-মুচড়ে পড়ে যাওয়ায় ওই এলাকায় যোগাযোগ ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশ কালো করে প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ে কসবা উপজেলার তিনলাখপীর, শিকারপুর, বাদৈর, মূলগ্রাম ও মইনপুরসহ বেশ কিছু গ্রামে বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর গাছ আছড়ে পড়ে। অনেক বাড়ির টিনের চালা উড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে। এদিকে টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, শহরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই প্রতি বছর বৃষ্টিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
রিপোর্টারের নাম 

























