আঞ্চলিক ভূ-রাজনীতি ও সংঘাতের জেরে কঠোর অবস্থানে গিয়েছে বাহরাইন সরকার। ইরানের প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশের অভিযোগে দেশটির কর্তৃপক্ষ অন্তত ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ও এর মিত্রদের কর্মকাণ্ডের প্রশংসা বা সমর্থন যারা করেছেন, তাদের বিরুদ্ধেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাগরিকত্ব হারানো ব্যক্তিদের তালিকায় সংশ্লিষ্টদের পরিবারের সদস্যরাও রয়েছেন বলে জানা গেছে। বাহরাইন নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, ইরানের ‘শত্রুতামূলক ও অপরাধমূলক’ কাজের প্রতি যারা একাত্মতা প্রকাশ করেছেন, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে কঠোর বার্তা দিয়েছে মানামা।
এর আগে গত মার্চ মাসে ইরানের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচারের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল বাহরাইনের উচ্চ আদালত। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র বলয়ের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















