ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ফুলপুর উপজেলার দেওখালী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর হোসেন (৫৭), তার ছেলে উজ্জ্বল মিয়া (৩২) এবং সোহরাব আলীর ছেলে সহিদুল (৩৭)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ইছব আলীর ছেলে সোহরাব আলী (৬২), তার স্ত্রী স্বরূপা খাতুন (৫৭) এবং নূর হোসেনের স্ত্রী রেহেনা খাতুন (৫৪)। তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, বাদী ও আসামিরা প্রতিবেশী ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা কৃষক আশ্রাব আলীর ওপর হামলা চালায়। সোহরাব আলীর নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ছেলে ফুলপুর থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রিপোর্টারের নাম 





















