দেশের মোবাইল গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সমস্যার সমাধানে সংস্থাটি ‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মাধ্যমে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে।
বর্তমানে দেশের প্রায় ৪০ শতাংশ মোবাইল ব্যবহারকারী শহরে এবং বাকি ৬০ শতাংশ উপশহর ও গ্রামীণ অঞ্চলে বসবাস করেন। শহরে নেটওয়ার্ক তুলনামূলক ভালো হলেও গ্রাম ও প্রত্যন্ত এলাকায় সেবার মান এখনও দুর্বল। বিশেষ করে ঘরের ভেতরে কল ড্রপ, দুর্বল সিগন্যাল ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের ভোগান্তির প্রধান কারণ।
নেটওয়ার্কের মান উন্নত করতে বিটিআরসি ইতোমধ্যে গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দ দিয়েছে। এর ধারাবাহিকতায় এবার ‘ই-জিএসএম’ ব্যান্ড ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিআরসির কাছে বর্তমানে ৮.৪ মেগাহার্টজ ‘ই-জিএসএম’ তরঙ্গ রয়েছে, যার মধ্যে রবি ও বাংলালিংক ৩.৪ মেগাহার্টজ করে চেয়েছে। চূড়ান্ত বরাদ্দের আগে এক মাসের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে, যা সীমান্ত এলাকায় ৮৫০ মেগাহার্টজ ব্যান্ডের সাথে কোনো বিঘ্ন ঘটে কিনা তা যাচাই করবে।
রবি কর্মকর্তারা জানিয়েছেন, ‘ই-জিএসএম’ প্রযুক্তি ব্যবহারের জন্য তাদের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে, যা দ্রুত গ্রাহকদের উন্নত সেবা দিতে সাহায্য করবে। বাংলালিংক জানিয়েছে, পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তারা পরবর্তী বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল শক্তিশালী হবে, কল ড্রপ কমবে, ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা বাড়বে এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সংযোগ আরও উন্নত হবে।
রিপোর্টারের নাম 























