রাজধানীর মোহাম্মদপুরে ‘জুলাই বিপ্লবে’ ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে দিন ধার্য করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৫ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল।
এই মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী এই মামলায় অভিযুক্ত।
বর্তমানে এই মামলায় চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদপুরে সংগঠিত এই হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টারের নাম 























