ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম সম্প্রতি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের আনা অভিযোগের পেছনে ‘সংঘবদ্ধ অ্যাকটিভিজম’ দেখছেন। তিনি দাবি করেছেন, আবিদুলের অভিযোগের সূত্র ধরে বিএনপি-ছাত্রদলের সব অপকর্ম, দেশের চলমান সংকট এবং ক্যাম্পাস নিয়ন্ত্রণের অপতৎপরতা আড়াল করার জন্য একটি সংঘবদ্ধ তৎপরতা দৃশ্যমান হচ্ছে।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে সাদিক কায়েম এসব কথা জানান। তার ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি-ছাত্রদলের হাতে অন্তত ২৭১টি খুন, ৮১টি ধর্ষণ, ৩৬৬টি চাঁদাবাজি, ৫৯৬টি হামলা, ৯৭টি লুটপাট, এবং ৯৪টি শিক্ষাঙ্গনে হামলা ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তিনি আরও উল্লেখ করেন, কেবল গত মাসেই বিএনপি-ছাত্রদলের হাতে ২২টি খুন, ৬টি ধর্ষণ, ২৮টি চাঁদাবাজি, ৮০টিরও অধিক হামলা ও সংঘর্ষ, ১৮টি চুরি/ডাকাতি এবং ৬টি শিক্ষাঙ্গনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
সাদিক কায়েম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৫০০টিরও অধিক খুনের ঘটনা ঘটেছে। পত্রিকার তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৫ দিনে কেবল ঢাকাতেই অন্তত ১৬টি খুনের ঘটনা ঘটেছে। তিনি ৬৯ শতাংশ জনগণের ভোটে হ্যাঁ বিজয়ী হওয়া গণভোট প্রত্যাখ্যান, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় গুরুত্বপূর্ণ অধ্যাদেশসমূহ বাতিল করে দেওয়ার বিষয়গুলোও উল্লেখ করেন।
ভিপি সাদিক কায়েম আরও অভিযোগ করেন, দেশে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে, গ্রামে গঞ্জে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে এবং অন্যায্যভাবে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ব্যাংক লুটেরাদেরকে সংসদে আইন পাশ করে ফিরিয়ে আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এসব জাতীয় সংকটের মাঝেই সরকারের ব্যর্থতা ঢাকতে বিগত কয়েকদিন যাবত দেশব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদলের দলীয় সন্ত্রাসীদের সশস্ত্র সজ্জিত করে নামিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
উদাহরণস্বরূপ, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের এক দায়িত্বশীলকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলার ঘটনা, পাবনা ও কুমিল্লায় বিনা উস্কানিতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে ছাত্রদলের হামলার কথা উল্লেখ করেন সাদিক কায়েম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে গুপ্ত লেখা লিখেও কোনো রকম প্রতিক্রিয়া না দেখে সবশেষে ভুয়া স্ক্রিনশট বানিয়ে শিবিরকর্মী আব্দুল্লাহ আল মাহমুদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















