গাইবান্ধার সাদুল্যাপুরে এক হৃদয়বিদারক ঘটনায়, প্রেমিকার মৃত্যুর মাত্র পাঁচ দিন পর বিষপানে প্রেমিকও না ফেরার দেশে চলে গেছেন। জানা গেছে, মিম আক্তার (ছদ্মনাম) নামে এক প্রেমিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার প্রেমিক মোরসালিন হাসান পরস (২১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মোরসালিন হাসান পরস সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি মিম আক্তারের অমতে অন্যত্র বিয়ে হয়। কিন্তু বিয়ের পরও তাদের মধ্যে সম্পর্ক অটুট থাকে। গত ১৭ এপ্রিল সকালে দু’জনই একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে স্বজনরা মিম আক্তারকে অসুস্থ অবস্থায় সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। অপরদিকে, ১৯ এপ্রিল সকালে পরসকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, প্রথমে মিম আক্তার মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পরসের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রেমিক-প্রেমিকার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
রিপোর্টারের নাম 

























