রানা প্লাজা ভবনধসের এক যুগ পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তাঁরা এই ট্র্যাজেডির বিচার প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি তোলা হয়।
সভায় বক্তারা বলেন, আহত শ্রমিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করে আইনজীবী, ট্রেড ইউনিয়ন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় আইনি লড়াই চালিয়ে নেওয়া প্রয়োজন। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের আজীবন বিশেষায়িত চিকিৎসা ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার ওপরও জোর দেন তাঁরা। স্থানীয় প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের সামাজিক সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, হাইকোর্টে এ সংক্রান্ত ৫টি রিট মামলা বিচারাধীন রয়েছে, যার মাধ্যমে সংবিধানের আলোকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত হতে পারে। অন্যদিকে, বিচার বিলম্বের কারণ হিসেবে সাক্ষীদের আদালতে হাজির করতে না পারার বিষয়টি উঠে আসে। তবে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে, গত এক বছরে সাক্ষ্য গ্রহণের গতি বেড়েছে এবং চলতি বছরের মধ্যেই দণ্ডবিধির অধীনে থাকা মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টারের নাম 



















