বেসরকারি খাতের সাউথইস্ট ব্যাংকের খেলাপি ঋণের এক বিশাল অংশ আটকে আছে মাত্র ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের কাছে। ব্যাংকটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মোট ২ হাজার ৫১৩ কোটি টাকা খেলাপি ঋণের প্রায় ৭১ শতাংশই এই ১০ প্রতিষ্ঠানের কাছে পাওনা। টাকার অঙ্কে যার পরিমাণ ১ হাজার ৭৭৯ কোটি টাকা।
খেলাপিদের তালিকায় সবার উপরে রয়েছে কেয়া গ্রুপ এবং আলোচিত এস আলম গ্রুপ। এই দুই গ্রুপের কাছেই ব্যাংকটির পাওনা প্রায় এক হাজার কোটি টাকা। এর মধ্যে কেয়া গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ৪৯৮ কোটি টাকা এবং এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের কাছে ৪৭৪ কোটি টাকা খেলাপি হয়ে আছে। এছাড়া ফার সিরামিকস, পদ্মা পলি কটন এবং টাং হাই নিটিংয়ের মতো প্রতিষ্ঠানগুলোও বড় অংকের ঋণ পরিশোধ করছে না।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক শীর্ষ খেলাপি আত্মগোপনে গেছেন অথবা আইনি জটিলতায় রয়েছেন, যা ঋণ আদায়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কেয়া গ্রুপের ঋণের ক্ষেত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো অনুমোদন ছাড়াই ব্যাংকের গুলশান শাখা থেকে বিপুল অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে মামলা দায়ের করেছে। ব্যাংক কর্তৃপক্ষ এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 

























