দেশে দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
এই চুক্তির ফলে বিনিয়োগকারীরা এখন থেকে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া আরও সহজতর হবে, যা দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মোঃ শাহারুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীরা ওএসএস প্ল্যাটফর্মেই শরীয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা উপভোগ করার সুযোগ পাবেন।
রিপোর্টারের নাম 

























