বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি। বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। তিনি দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন এবং দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ মানবপাচার ও অনিয়মিত মাইগ্রেশন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে আলজেরিয়ার সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























