জাতীয় সংসদে তাকে ‘মহামান্য’ বলে সম্বোধন না করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর এমন বিনয়ী আচরণে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে সাধুবাদ জানান।
সংসদ সদস্য শওকতুল ইসলাম তার বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রীকে ‘মহামান্য’ হিসেবে সম্বোধন করেছিলেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যখন তাকে অ্যাড্রেস করেছেন, তখন মহামান্য শব্দটি ব্যবহার করেছেন। ভবিষ্যতে তাকে সম্বোধন করার সময় যেন এই শব্দটি আর ব্যবহার না করা হয়, সেই অনুরোধ জানান তিনি।
এর আগে সংসদ সদস্য শওকতুল ইসলাম জনস্বাস্থ্য বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানতে চান। অসুস্থতার কারণে গলার অবস্থা ভালো না থাকার পরেও প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন বলে জানান। সংসদীয় রীতি অনুযায়ী সাধারণত রাষ্ট্রপতিকে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রীকে ‘মাননীয়’ সম্বোধন করা হয়।
রিপোর্টারের নাম 






















