বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় নাগরিকদের হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ পলিটিক্যাল থিংকার (বিপিটি) একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভায় সংগঠনটির নেতারা সরকারের সমালোচনা করে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানান।
বিপিটির কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, গত এক মাসে ছয়জন নাগরিককে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া বা অন্যের কন্টেন্ট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা এটিকে নাগরিকদের কণ্ঠরোধের একটি প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অনেকেই অতীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের দ্বারা নিষ্পেষিত হয়েছেন। তারা যখন বিদেশে পালিয়ে বেড়িয়েছেন, তখন সেখানকার নাগরিকদের মত প্রকাশের অধিকার সম্পর্কে অবগত হয়েছেন এবং ফ্যাসিবাদের সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকারের অনৈতিক কাজের সমালোচনা করার সুযোগ নিয়েছেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারাই নাগরিকদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারের সমালোচনাকারীদের রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়া, ৫৪ ধারায় গ্রেপ্তার করে দীর্ঘ সময় থানায় রেখে আদালতে তোলা এবং সরকারদলীয় নেতাকর্মীদের দিয়ে সমালোচকদের বাড়ি-অফিসে হামলা করে ভয়ের সংস্কৃতি চালু করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধে সরকারকে আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 






















