জাতীয় সংসদে দেশের প্রতিটি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের দাবি জানানো হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল এই দাবি উত্থাপন করেন।
তিনি বলেন, বর্তমানে সারা দেশে মাত্র তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে। এর বিপরীতে সরকারি কলেজের সংখ্যা ৭০৮, সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা ৬৩ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৬২৮। অথচ সরকারি আলিয়া মাদ্রাসা রয়েছে কেবল ঢাকা, সিলেট ও বগুড়ায়।
গোলাম রসুল আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৯ হাজার ৩০০টি আলিয়া মাদ্রাসা রয়েছে। কামিল, ফাজিল ও আলিম পর্যায়ে প্রায় ২৮ লাখ শিক্ষার্থী এসব মাদ্রাসায় অধ্যয়ন করছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান, অনেক ক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি। তিনি আধুনিক শিক্ষার ক্ষেত্রে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তারা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও ভালো ফলাফল করছে। দেশের শিক্ষাক্ষেত্রে আলিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং বর্তমান সংসদের অনেক সদস্য নিজেও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণ করা হলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ও উন্নত সুযোগ-সুবিধা পাবে।
রিপোর্টারের নাম 






















