সারাদেশে চলমান তাপপ্রবাহের প্রভাবে নাটোরের লালপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বৈশাখের শুরুতেই তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধিতে চরম অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার বিকেলে লালপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের অন্যতম সর্বোচ্চ।
ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রচণ্ড রোদের পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও দিনমজুর শ্রেণির মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় দুপুরের পর রাস্তাঘাট ও হাট-বাজার অনেকটা জনশূন্য হয়ে পড়ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
স্বাস্থ্য ঝুঁকি এড়াতে চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম জানান, এই গরমে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে। তাই শিশুদের এবং বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।
রিপোর্টারের নাম 























