ইন্দোনেশিয়ার উপকূলে প্রাকৃতিক গ্যাসের এক বিশাল মজুত খুঁজে পেয়েছে ইতালীয় জ্বালানি জায়ান্ট ‘এনি’। দেশটির পূর্ব কালিমান্তান উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্যাসক্ষেত্রে প্রাথমিক তথ্যানুযায়ী প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৩০ কোটি ব্যারেল কনডেনসেট রয়েছে। এই আবিষ্কার দেশটিতে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সরবরাহের নতুন পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন মজুত থেকে ২০২৮ সালের মধ্যে এনির উৎপাদন তিন গুণ বেড়ে দৈনিক ২ হাজার মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুটে পৌঁছাতে পারে। এছাড়া কনডেনসেট উৎপাদনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা করছে জাকার্তা। বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে ইন্দোনেশিয়া রাশিয়ার সঙ্গে তেল সরবরাহ চুক্তি এবং ফ্রান্সের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের বিষয়েও সমঝোতায় পৌঁছেছে, যা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 























