নাটোরের সিংড়ায় পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) উপজেলার চৌগ্রাম ও চামারী ইউনিয়নে এই দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত কৃষকদের মধ্যে একজন হলেন চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের শ্রী সুমন কুমার (৩৫), তিনি সুকুমারের ছেলে। অন্যজন চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা (২৪), তিনি শহীদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সুমন কুমার তার বাড়ির অদূরে একটি লিজ নেওয়া পুকুরে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার সকাল ৮টার দিকে চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে সজল মোল্লা তার ফসলি জমিতে সেচ দিতে যান। সেখানেও অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 

























