স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ওষুধ দিয়ে মানুষের সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়, এর পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাও অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শিশুদের সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো মায়ের দুধ পান করানো, যা তাদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি জানান, আগের সরকার রাষ্ট্রীয় কোষাগারে পর্যাপ্ত অর্থ রেখে যায়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবার নারায়ণগঞ্জ জেলায় মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এর জন্য জেলায় ৭টি স্থায়ী এবং ১,০৫৬টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে আনা হয়েছে, যা ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশন এলাকায় পরিচালিত হচ্ছে। গত ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত চলবে। সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম ২০ মে এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 




















