ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতিক্রিয়ায় বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে এই প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করছে না। তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নৌপথ বন্ধের ঘোষণা আসার পর থেকেই পুরো এলাকায় স্থবিরতা নেমে এসেছে।
উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় অসংখ্য জাহাজকে নোঙর করে অপেক্ষা করতে দেখা গেছে। এর আগে গত শনিবার এই রুটে সীমিত আকারে জাহাজ চলাচল করলেও কয়েকটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই নৌপথ বন্ধ হওয়ার সংবাদে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে।
রিপোর্টারের নাম 






















