জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া গ্রুপ ও পেইজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কিছু পেইজ ও গ্রুপে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেপুটি স্পিকার এ ধরনের কোনো ফেসবুক পেইজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এসবের কার্যক্রম সম্পর্কেও তিনি অবগত নন। তিনি কেবল তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো ফেসবুক পেইজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সাধারণ জনগণকে এই ধরনের ভুয়া পেইজ বা গ্রুপের পোস্ট দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, এসব প্ল্যাটফর্মে যুক্ত হওয়া বা কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























