চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে ৩ বিলিয়ন ডলারের নতুন আমানত এবং পূর্বের ৫ বিলিয়ন ডলার আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশ্ব অর্থনীতির অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাই এই বিশাল অংকের সহায়তার মূল লক্ষ্য।
স্টেট ব্যাংক অফ পাকিস্তান নিশ্চিত করেছে যে, ইতিমধ্যে তারা সৌদি অর্থ মন্ত্রণালয় থেকে ২ বিলিয়ন ডলার হাতে পেয়েছে, যার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি আরব সফরের পরপরই এই বড় ঘোষণা এল। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপের মুখে থাকা ইসলামাবাদের জন্য এই সহায়তা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, পাকিস্তান বর্তমানে আইএমএফ এবং বিভিন্ন বন্ধুপ্রতীম দেশ থেকে ঋণ ও সহায়তা নিয়ে তাদের ভঙ্গুর অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে। সৌদি আরবের এই বিশাল অংকের আমানত পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে এবং আন্তর্জাতিক দায় পরিশোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 
























