কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশের সড়ক ব্যবস্থাপনায় অবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ১৪ এপ্রিল রাত ৩টার দিকে দাউদকান্দিতে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বারবার সংঘটিত সড়ক দুর্ঘটনা প্রমাণ করে যে, দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।
তিনি অবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদার করার জন্য সরকারের প্রতি দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি বিধান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করারও দাবি জানান।
রিপোর্টারের নাম 





















