প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল সফরে গিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর কবরস্থলে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাঁর সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর ব্যবহৃত ঘরটিও ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর পূর্বে, প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে আয়োজিত বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্ন ভোজের জন্য সার্কিট হাউজে যান। সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 





















