লালমনিরহাটে র্যাব-১৩-এর একটি বিশেষ অভিযানে ২০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’সহ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন এবং তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব-১৩-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সংসদ সদস্যের ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন ওরফে লিটনের (৪৮) বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ ‘এস্কাফ’ জব্দ করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী ইলিয়াছ হোসেন ও তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
এ ব্যাপারে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য এবং লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেছেন, তার নির্বাচনী এলাকা আদিতমারী এবং কালীগঞ্জে মাদক এবং জুয়ার ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করেন এবং এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















