দীর্ঘ দুই দশকের সফল পথচলার পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ক্রিমিনাল মাইন্ডস’-এর। হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে ২০তম সিজন মুক্তির মধ্য দিয়েই প্যারামাউন্ট প্লাসের জনপ্রিয় এই সিরিজের সমাপ্তি ঘটবে।
সিরিজটির শো-রানার ও নির্বাহী প্রযোজক এরিকা মেসার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে জানান, দীর্ঘ ২০ বছরের এই পথচলা তাঁদের কাছে অত্যন্ত আবেগের। অগণিত ভক্তের ভালোবাসা ও পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, ২০তম সিজনটির মাধ্যমে সুন্দর বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
সিরিজের শেষ সিজনে ফিরছেন জো ম্যান্টেনিয়া, এ জে কুক, কার্স্টেন ভ্যাংসনেস, আয়েশা টাইলার, আরজে হাতানাকা, অ্যাডাম রদ্রিগেজ ও প্যাগেট ব্রুস্টার।
উল্লেখ্য, ২০০৫ সালের সেপ্টেম্বরে সিবিএস নেটওয়ার্কে প্রথম সম্প্রচারিত হয় এফবিআইয়ের বিহেভিয়ারাল অ্যানালাইসিস ইউনিটের মনস্তাত্ত্বিক বিশ্লেষণভিত্তিক অপরাধ তদন্তের এই শ্বাসরুদ্ধকর গল্প। জেফ ডেভিসের তৈরি এই সিরিজটি ২০২০ সাল পর্যন্ত সিবিএস-এ চললেও ২০২২ সাল থেকে ‘ক্রিমিনাল মাইন্ডস: ইভল্যুশন’ নামে প্যারামাউন্ট প্লাসে যাত্রা শুরু করে। সিরিজটি শেষ হলেও এর সব সিজন স্ট্রিমিংয়ের জন্য উন্মুক্ত থাকবে।
























