‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে চুক্তির শর্ত ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগে আইনি নোটিশ পাওয়ার পর অবশেষে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। প্রযোজকপক্ষের এমন পদক্ষেপে বিস্ময় প্রকাশ করে তিনি পুরো বিষয়টিকে আইনিভাবেই মোকাবিলার কথা জানিয়েছেন।
প্রযোজকের পাঠানো লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে শরিফুল রাজ বলেন, “প্রযোজক পক্ষ আসলে কী চায়—টাকা নাকি শুটিংয়ের শিডিউল, তা স্পষ্ট নয়। পেশাগত ক্যারিয়ারে শিডিউল বা আর্থিক লেনদেন নিয়ে কখনোই কোনো গাফিলতি করিনি। তারা টাকা ফেরত চাইলে তাও নিয়ে যেতে পারে, আর শিডিউল চাইলে আমি শিডিউল দিতেও প্রস্তুত।”
উৎসবের মৌসুমে ছবিটির মুক্তি প্রসঙ্গে রাজ জানান, চুক্তিতে অন্য চলচ্চিত্রে কাজ না করার কোনো বাধ্যবাধকতা ছিল না। তা ছাড়া প্রযোজকের পাঠানো নোটিশেই ছবিটি ঈদের পর মুক্তির বিষয় উল্লেখ আছে।
অভিনেতা আরও জানান, প্রযোজক ও পরিচালকদের প্রতি শ্রদ্ধাশীল থাকলেও ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে তিনিও এখন আইনজীবীর মাধ্যমে চুক্তির শর্ত অনুযায়ী যথাযথ আইনি জবাব দেবেন।


























