সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় অটোভ্যানের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যানচালকের নাম হুমায়ুন কবির (বালসাবাড়ি গ্রাম)। দুর্ঘটনায় প্রাণ হারানো অপর যাত্রী হলেন সুজন সরদার (হেমন্তবাড়ি গ্রাম)। তারা উভয়েই দুর্গানগর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় যাত্রী সুজন সরদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে আহত অন্য দুই যাত্রী উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

























