সুনামগঞ্জের তাহিরপুরে মদ্যপ অবস্থায় প্রকাশ্যে মাতলামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তাহিরপুর সদর বাজারের নৌকাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির এবং উপজেলা কৃষকদল নেতা আকবর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত দুই নেতা তাহিরপুর বাজারে অতিরিক্ত মদপান করে মাতলামি ও অসঙ্গত আচরণ শুরু করেন। তাদের এমন কর্মকাণ্ডে বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। একপর্যায়ে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ জানান, আটককৃত ব্যক্তিরা প্রকাশ্যে মাতলামি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
























