সিঙ্গাপুরের ট্যাম্পিনিস নর্থ এলাকায় নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও বহুমুখী সেবাসম্পন্ন নতুন মসজিদ। প্রায় চার হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের সুবিধাযুক্ত এই মসজিদের নির্মাণকাজ ২০২৯ সালে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত মুসলিমবিষয়ক মন্ত্রী জাকি মোহাম্মদ প্রস্তাবিত এ মসজিদের নকশা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।
মসজিদটি কেবল প্রার্থনার স্থান হিসেবে নয়, বরং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সব প্রজন্মের সামাজিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণের কেন্দ্র হিসেবে ডিজাইন করা হয়েছে। নকশা উন্মোচন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মন্ত্রী বলেন, নতুন এই অবকাঠামো আশপাশের অন্যান্য মসজিদের ওপর মুসল্লিদের চাপের মাত্রা কমাতে ভূমিকা রাখবে। তরুণদের জ্ঞানার্জন, শিশুদের পরিচর্যা এবং প্রবীণদের সামাজিক যোগাযোগের স্থান হিসেবে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
মসজিদটিতে মায়েদের জন্য বিশেষ দুগ্ধপান কক্ষ, শিশুদের দেখাশোনার জায়গা, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক প্রবেশপথ ও লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এতে থাকবে একাধিক বহুমুখী ব্যবহার উপযোগী কক্ষ, মিলনায়তন এবং দৃষ্টিনন্দন ছাদ। স্থাপত্য শৈলীতে ইসলামি জ্যামিতিক নকশার পাশাপাশি সিঙ্গাপুরের প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী উপাদানের মেলবন্ধন ঘটানো হয়েছে।

























