তৈরি পোশাকশিল্পে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করে তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বা অন্য কোনো গোষ্ঠী উসকানি ও নাশকতার চেষ্টা করছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন তিনি।
পোশাকশিল্পের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং তা কার্যকরের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, যানবাহনে হামলা, লুটপাট ও উৎপাদন কার্যক্রম ব্যাহত করার মতো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো প্রমাণ ছাড়া সাধারণ শ্রমিকদের দায়ী করা যাবে না। বর্তমানে দেশের পোশাকশিল্পের শ্রমিকেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় কঠিন জীবনযাপন করছেন। এই বাস্তবতায় শ্রমিকেরা ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন।
গোলাম পরওয়ার স্পষ্টভাবে জানান, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো অনুগ্রহ নয়, এটি তাদের অধিকার। সরকার গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও বাজারদর বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য সুপারিশ প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যৌক্তিক আন্দোলন দমনের নামে হয়রানি ও গণগ্রেপ্তার পরিহারের দাবি জানান তিনি।

























