প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাস দেশজুড়ে রাজপথে সতর্ক পাহারা দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং যেকোনো সামাজিক আন্দোলনে তারা ছোবল দেওয়ার অপচেষ্টা চালাবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে রাশেদ খাঁন বলেন, শহীদ ওসমান হাদির আওয়ামী ফ্যাসিবাদবিরোধী চেতনা থেকে জামায়াত ও এনসিপি যোজন যোজন দূরে। তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তারা কি আদৌ শহীদ ওসমান হাদির পথ অনুসরণ করতে পারবে? অন্যথায় রাজনৈতিক স্বার্থে তারা এই ত্যাগকে বেচা-বিক্রি করছে বলে ধরে নিতে হবে।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ড শ্রমিক ও মালিক পক্ষের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ জামায়াত ভূত দেখতো, এখন বিএনপি আওয়ামী লীগ ভূত দেখছে—এমন মন্তব্য করে তিনি প্রকারান্তরে আন্দোলনে আওয়ামী দুর্বৃত্তদের অংশগ্রহণকে সমর্থন জুগিয়েছেন। রাশেদ খাঁন আরও যোগ করেন, বর্তমান সরকার পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের নানা অপতৎপরতা সামলিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তবে আলহামদুলিল্লাহ, নাহিদ ইসলামের উস্কানি উপেক্ষা করে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছে।

























