দিনাজপুরের হাকিমপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আকরাম হোসেন মন্ডলের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর পৌরসভার বড় ডাঙ্গাপাড়া এলাকার কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে সমাজকল্যাণমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
জিয়ারত শেষে মন্ত্রী কবরস্থান প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি মরহুম আকরাম হোসেন মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন দিনাজপুর অঞ্চলের একজন বর্ষীয়ান ও শ্রদ্ধেয় রাজনীতিবিদ। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি মানবিক গুণাবলিসম্পন্ন একজন ভালো মানুষ ছিলেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সময় থেকেই আকরাম হোসেন মন্ডল স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করতে মূল ভূমিকা পালন করেছেন। এলাকার মানুষের কল্যাণে তার রাজনৈতিক অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

























