বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় পঞ্চগড়ের বোদায় হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার ঝলই শালশিড়ি ইউনিয়নের শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে মোট ২৬টি মা ছাগল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান। ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, বোদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, বোদা উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব ছাগল লালন-পালন করে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।


























