হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে চাল পরিবহনে ব্যবহৃত তিনটি টমটম ইজিবাইকসহ তিন চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালিয়ে এই চালগুলো জব্দ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচার হওয়ার খবর পেয়ে আনোয়ারপুর পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে সরকারি বস্তায় ভরা চাল পরিবহনের সময় ৪০ বস্তা চালসহ তিন চালককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় জানান, আটক তিন চালক পুলিশকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, কালনী গ্রামের হেলিম মিয়া দুর্লবপুর এলাকা থেকে এই চালগুলো তাদের গাড়িতে তুলে দিয়েছিলেন। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান শেষে ঘটনার সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই কার্যালয় থেকে প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। মূলত রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো নিয়ম অনুযায়ী চালগুলো ভোক্তাদের মধ্যে বিতরণ করেছিলেন। তবে পরবর্তীতে ভোক্তারা সেই চালগুলো স্থানীয় হেলিম মিয়ার কাছে বিক্রি করে দেন। পরে সেই চালগুলো অবৈধভাবে পাচারের সময় পুলিশ তা জব্দ করে।

























