বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যভান্ডারেও এবার হ্যাকারদের হানা। সাইবার হামলা চালিয়ে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে একটি হ্যাকার গোষ্ঠী। ফিফাও অননুমোদিতভাবে তথ্যভান্ডারে প্রবেশের ঘটনা স্বীকার করেছে। যদিও সংস্থাটির দাবি, চুরি হওয়া তথ্যের পরিমাণ তাদের মোট সংরক্ষিত তথ্যের তুলনায় খুবই সামান্য।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, অপরাধমূলক সাইবার হামলার মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নাগাল পেয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে সংস্থাটি। ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের ঘটনাকে গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেছে ফিফা।
তবে এই হামলার পেছনে নিজেদের প্রযুক্তিগত দুর্বলতাকে দায়ী করতে নারাজ ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। ফিফার ভাষ্য, তাদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। বরং কর্মীদের পরিচয় ধারণ করে এবং তাদের সরলতার সুযোগ নিয়ে নথিপত্র প্রবেশাধিকার পেয়েছে অপরাধীরা। অর্থাৎ প্রযুক্তির নিরাপত্তাব্যবস্থা ভাঙার বদলে মানুষের বিশ্বাসকেই কাজে লাগিয়েছে হ্যাকাররা।
অনলাইনে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামে পরিচিত একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। নিজেদের এক্স অ্যাকাউন্টে ফিফার কম্পিউটার ডেস্কটপের মতো দেখতে বিভিন্ন স্ক্রিনশট প্রকাশ করেছে তারা। গোষ্ঠীটির দাবি, ফিফার তথ্যভান্ডার থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে তারা। তবে ইএসপিএনের সূত্র এবং সংশ্লিষ্ট বিশ্লেষণ অনুযায়ী, ক্ষতিগ্রস্ত তথ্যের পরিমাণ ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম।
হামলাটি মূলত ফিফাকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে তথ্য চুরির ঘটনা ঘটেনি। যদিও তথ্যের পরিমাণ কম বলে দাবি করেছে সংস্থাটি, ব্যক্তিগত ও ব্যবসায়িক নথি দুর্বৃত্তদের হাতে যাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছে ফিফা।
এই সাইবার হামলার পর আলোচনায় এসেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনাও। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের স্বত্ব দীর্ঘ মেয়াদে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাসংক্রান্ত কোনো নথি এই হামলায় চুরি হয়নি।
ফিফার তথ্যভান্ডারে এই সাইবার হামলা বিশ্ব ফুটবলের প্রশাসনিক নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

























