টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় দিনাজপুরে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। মেঘাচ্ছন্ন আকাশ ও থেমে থেমে বৃষ্টিপাতের ফলে জেলায় শীতের আমেজ বেড়েছে। গত ২০ নভেম্বর থেকে ২২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত জেলায় মোট ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
রোববার (২২ নভেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে স্বাভাবিক তাপমাত্রা হ্রাস পেয়েছে।
তিনি আরও জানান, ২০ নভেম্বর সকাল থেকে ২২ নভেম্বর সকাল পর্যন্ত ধাপে ধাপে এই বৃষ্টিপাত হয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বৃষ্টির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


























