কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দ শোনার পর আনসার সদস্যদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। ঘটনাস্থলে ককটেলের অংশবিশেষ পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে যাওয়ায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করছিলেন ওই শিক্ষার্থী ও অটোরিকশাচালক। হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে তাঁরা আহত হন। আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।






















