পাহাড়ে জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমিয়ে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ঘূর্ণায়মান তহবিল (রিভলভিং ফান্ড) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণমুক্ত হতে পারবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে।
বৃহস্পতিবার রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তহবিলের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এককালীন অনুদান বা ত্রাণের পরিবর্তে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে এই তহবিল থেকে ফেরতযোগ্য ঋণের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে এবং কফি চাষে ছায়ার প্রয়োজন হওয়ায় আম বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী জানান, মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে চাষিদের তিন বছরের জন্য সমন্বিত সহায়তা দেওয়া হবে। ফলন আসার পর চাষিরা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করবেন।
জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা রোধ করে ভূমির প্রতি স্থায়ী দায়িত্বশীলতা তৈরির আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, একটি কফিগাছ দীর্ঘ সময় ধরে আয়ের উৎস হতে পারে। পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি অনাবাদী পাহাড়গুলোকে উৎপাদনশীল করার ওপর জোর দেন।
সভায় বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















