দিনাজপুরে জেঁকে বসছে শীত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে দিনের চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯টার পর নিশ্চিত করা হবে।
এদিকে, একই সময়ে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রার তথ্যে দেখা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১, সৈয়দপুরে ১৬ দশমিক ৬, রংপুরে ১৭ দশমিক ৭, নীলফামারীর ডিমলায় ১৭ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ১৫ দশমিক ৪, নওগাঁর বদলগাছীতে ১৫ দশমিক ৪, বগুড়ায় ১৭ দশমিক ৪, পাবনার ঈশ্বরদীতে ১৬ দশমিক ৫, রাজশাহীতে ১৬ দশমিক ০, যশোরে ১৫ দশমিক ৮ এবং চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


























