গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ নভেম্বর থানার এসআই কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখ করা ২৬ আসামির মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে। এ সময় তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করে। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানার সরকারি গাড়ি, ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।
এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের কথা উল্লেখ করা হয়েছে। এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য তিন কোটি টাকা এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা, দণ্ডবিধি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।





















