কক্সবাজারের টেকনাফে সীমান্তসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি রামদাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার মো. আদিল (২৬)।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাতজন অপহৃত ও মানবপাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার এবং ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

























