আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান—কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি। রাষ্ট্রের স্থায়ী ও কাঠামোগত পরিবর্তনের জন্য নতুন করে গণভিত্তিক রাষ্ট্র মেরামত সনদ প্রণয়ন করতে হবে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণঅভ্যুত্থানের তরুণ অংশীদারদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, পরিবর্তনকামী বিপ্লবীদের আশ্রয়কেন্দ্র হতে পারে না। বরং এক সংগ্রামের পর পরবর্তী প্রস্তুতি নেওয়াই একজন সৈনিকের আসল চরিত্র। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবার আর কেবল ৩৩টি রাজনৈতিক দলের সনদে নয়, দেশের চার কোটি সাধারণ মানুষের সরাসরি স্বাক্ষরে একটি গণভিত্তিক ‘রাষ্ট্র মেরামত সনদ’ প্রণয়ন করা হবে।
তিনি বলেন, প্রস্তাবিত এ সনদে ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা ও উপজেলার পরিচালনাব্যবস্থা কীভাবে বদলাবে, তার ৫ থেকে ১০ বছরের স্পষ্ট লিখিত রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে।
মঞ্জু বলেন, বর্তমান প্রজন্মের সব রাজনীতিকের এখন অবসরে যাওয়ার সময় এসেছে। তরুণদের নিজেদের ভুলভ্রান্তি শুধরে নতুন এক জাগরণ ও নেতৃত্ব গড়ে তুলতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা।
























