প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো মোংলা বন্দর সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাঁর এ সফরকে কেন্দ্র করে বন্দরে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সফরকালে নতুন কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে তিনি বন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের কনটেইনার জেটি নির্মাণকাজের উদ্বোধন করবেন। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করছে চীন।
প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ করা হবে, যা বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর। একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে হজরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন। এরপর খুলনায় ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দিনশেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





















