বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ছোটবেলায় তার ধারণা ছিল কবিরা হয়তো ছয় মাস গোসল করেন না। তবে কবি রেজাউদ্দিন স্টালিনকে দেখে তার সেই ধারণা বদলে গেছে। তিনি কবিদের যে স্মার্ট ও পরিচ্ছন্ন হওয়া সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত।
রোববার রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কবিতার জগতে বড়-ছোটর ভেদাভেদ নেই, প্রতিটি কবিই নিজ নিজ জগতের সম্রাট।
নিজের সাহিত্যিক জ্ঞান সম্পর্কে বিনয় প্রকাশ করে রিজভী বলেন, তিনি সাহিত্যের তাত্ত্বিক কেউ নন। তবে কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে তিনি বলেন, প্রচণ্ড ব্যস্ততা ও সামাজিকতা সত্ত্বেও স্টালিন তার স্ত্রী ও কন্যার প্রতি দায়িত্বশীল। আড্ডার মাঝেও বাজারের তালিকা নিয়ে বাড়ি ফেরার বিষয়টি তার অসাধারণ গুণের বহিঃপ্রকাশ।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে বিএনপির এই নেতা বলেন, সেই উত্তাল দিনগুলোতে কবি মোহন রায়হানের কবিতা তাকে দারুণভাবে অনুপ্রাণিত করত। কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, স্টালিনের কবিতায় তার অন্তর্জগতের এক অনন্য প্রতিফলন ফুটে ওঠে।


























