জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খের সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি জানান, ২০ বছর বয়সে তিনি একটি গোখরা সাপ পুষতেন এবং শীতের রাতে একই কম্বলের নিচে সাপটিকে নিয়ে ঘুমাতেন।
কৈলাশ খের জানান, প্রায় তিন মাস সাপটি তার সঙ্গী ছিল। তিনি যেখানেই যেতেন, ব্যাগে করে সাপটিকে সঙ্গে নিয়ে যেতেন। তবে সাপটিকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন ইঁদুর মেরে খাওয়ানোর বিষয়টি তার কাছে নিষ্ঠুর মনে হওয়ায় তিনি পরবর্তীতে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন।
গায়কের ভাষ্যমতে, সেই বয়সে নিজের এমন সিদ্ধান্তের পেছনে যথেষ্ট পরিপক্কতা ছিল না। তবে সাধু-সন্তদের সঙ্গে জঙ্গল ও পাহাড়ে সময় কাটানোর অভিজ্ঞতা তাকে ভয় কাটিয়ে উঠতে এবং জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহস জুগিয়েছে।

























