ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি নিরূপণে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে থানার ভেতরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তাঁরা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নাশকতা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হতে তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।






















