মদিনার মসজিদে নববির দেয়াল, স্তম্ভ ও গম্বুজজুড়ে ছড়িয়ে থাকা আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক নকশা মুসলিম সভ্যতার নান্দনিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোরআনের আয়াত ও হাদিসের বাণী অত্যন্ত শৈল্পিক দক্ষতায় সুলুস ও কুফি লিপিতে ফুটিয়ে তোলা হয়েছে।
মসজিদে নববির বিভিন্ন সম্প্রসারণ প্রকল্পে স্থাপত্যের পাশাপাশি ইসলামি শিল্পের ঐতিহ্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্বেল পাথর, মোজাইক ও স্বর্ণের সূক্ষ্ম কারুকাজে তৈরি এসব অলংকরণ মসজিদের স্থাপত্যশৈলীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
সুলুস লিপির বাঁকানো অক্ষর এবং কুফি লিপির জ্যামিতিক বিন্যাস মসজিদের ভেতরে এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। আলো ও রঙের নিপুণ সমন্বয়ে তৈরি এই শিল্পকর্মগুলো কেবল নকশা নয়, বরং ইসলামি শিল্পকলার এক জীবন্ত দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

























