চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশের সোর্স হিসেবে পরিচিত ওই ব্যক্তিকে লক্ষ্য করে দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। গুলিবিদ্ধ আবসারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনি বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবসার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় মো. শাহাবু চৌধুরীর ছেলে। তেমুহনি বাজারে তাঁর ফার্নিচারের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দোকানে অবস্থান করার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর রান ও হাতে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কাঞ্চননগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোজাম্মেল হক চৌধুরী জানান, হামলার নেপথ্যে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। পুলিশের ধারণা, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের অনুসারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ভুক্তভোগীর শরীরে চারটি গুলির ক্ষত রয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

























